মাদারীপুরে বাণিজ্যমেলা পেছানোর দাবি
মাদারীপুরে মাসব্যাপী বাণিজ্যমেলা পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বণিক সমিতি।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।বণিক সমিতির সঙ্গে একাত্মতা ঘোষণা দিয়েছে জেলা চেম্বার অব কমার্স।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ‘মাসব্যাপী বাণিজ্যমেলার নামে র্যাফেল ড্র ও জুয়া চলে থাকে। যার ফলে শহরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।পাশাপাশি চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। তাই সামনে ঈদুল ফিতরের পরে মেলা দেওয়ার আহ্বান করা হচ্ছে।’ এ দাবি মেনে না নিলে শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বণিক সমিতির সহসভাপতি সিরাজ বেপারী, চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুল ইসলাম তুষার ভুইয়া।
উল্লেখ্য, আসছে ২২ এপ্রিল জেলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী বাণিজ্যমেলার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।বাণিজ্যমেলার নাম ব্যবহার করে প্রতিবছর র্যাফেল ড্র ও জুয়ার আসর বসে মেলা প্রাঙ্গণে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর