মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের শেষ দিনে মুন্সীগঞ্জের ১৫টি উপজেলার ইউনিয়নগুলো চষে বেড়িয়েছেন প্রার্থীরা।
গতকাল বুধবার তীব্র গরম উপেক্ষা করে গ্রামের প্রতিটি ঘরে গিয়ে শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন প্রার্থীরা। তবে এসবের মধ্যেও আনারস প্রতীকে নির্বাচনে দাঁড়ানো স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার রাতে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শিকদারের তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছেন অভিযোগ পাওয়া গেছে। এনটিভি অনলাইনকে বাচ্চু শিকদার বলেন, নৌকা প্রতীকের সমর্থকদের দৌরাত্ম্যে তিনি এলাকায় অবস্থানও করতে পারছেন না।
এদিকে, গতকাল গভীর রাত পর্যন্ত রামপালে আনারস ও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা একাধিকবার মোটরসাইকেল নিয়ে মহড়া করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
এসব ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার গত রাতে মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন সমস্যায় ও ব্যস্ততার মধ্যে আছি। আগে সমস্যা শেষ হোক, পরে কথা বলছি।’
চতুর্থ দফার ইউপি নির্বাচনে টঙ্গীবাড়ী উপজেলার ১২টি ও সদর উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে টঙ্গীবাড়ীর সোনারং ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।
এদিকে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পাঁচগাঁও ইউনিয়নে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
প্রচারের শেষ দিনে গতকাল বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন হাওলাদার কামারখাড়া বাজারে প্রচার চালান। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আবদুল হাই পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন এলাকা ও রামপাল ইউনিয়নের হাতিমারায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার ও উঠান বৈঠক করেছেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ