গুদামে যুবলীগ নেতার ধান রাখতে গিয়ে আটক ২
জয়পুরহাটের কালাইয়ে খাদ্য গুদামে অবৈধভাবে ধান ঢোকানোর অভিযোগে স্থানীয় চাতাল ব্যবসায়ী ও যুবলীগ নেতার দুই ট্রাক ধান আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে এ সময় দুই ট্রাক চালককেও আটক করা হয়। কিন্তু ওই ধানের মালিক কিংবা খাদ্য অফিসের কেউ গ্রেপ্তার হয়নি।
আটক দুই ট্রাকচালক হলেন মোকারম ও রবিউল। এ ঘটনায় রাতেই থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কালাই খাদ্য গুদাম থেকে দুই ট্রাক ধান আটক করা হয়েছে। পৌর যুবলীগের আহ্বায়ক ও স্থানীয় চাতাল ব্যবসায়ী মোস্তাফিজার রহমান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহানের যোগসাজশে ওই দুই ট্রাক ধান গুদামে ঢোকানোর জন্য নিয়ে যাওয়া। কিছু ধান ঢোকানোর পর বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ গুদাম থেকে ওই দুই ট্রাক ধান জব্দ করে থানায় এনেছে।
ওসি জানান, নিয়ম অনুযায়ী কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে খাদ্য গুদামের বস্তায় করে গুদামে রাখা হয়। কিন্তু গুদামে ঢোকানোর সময় ধরা পড়া ট্রাক ভর্তি ধানগুলো খাদ্য গুদামের বস্তায় ভরা ছিল।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট