আ. লীগ ৪২১, বিএনপি ৬৬
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের পঞ্চম ধাপে ৭১৭ ইউপির মধ্যে এখন পর্যন্ত মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ৬৬৪ ইউপির প্রাথমিক ফলাফল এসেছে। এ ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে জয় পেয়েছে ৪২১ জন। এর মধ্যে ৩৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৬৮ ইউপিতে।
ইসিতে আজ রোববার দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রাথমিক ফলাফলে এ তথ্য পাওয়া যায়।
প্রাথমিক ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা ৩৯ জনসহ আওয়ামী লীগ প্রার্থীরা জিতেছেন ৪২১ ইউপিতে, বিএনপির ৬৬, স্বতন্ত্র ১৬৮, জাতীয় পার্টির ৮ এবং অন্যান্য দলের একজন রয়েছেন।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৭১৭ ইউপির মধ্যে ৬৬৪ ইউপির ফলাফল রয়েছে ইসির কাছে। বাকি স্থগিত কেন্দ্র ও বিলম্বে পাঠানোয় ৫৩ ইউপির ফল চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এখনো পর্যন্ত পঞ্চম ধাপের সব ইউপির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। পেলে ইসির অনুমোদন সাপেক্ষে জানানো হবে।
আগের চার ধাপের ফল
আগের চার ধাপে আওয়ামী লীগ ১৮২২টি এবং বিএনপি ২৩৭টি ইউপিতে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের হিসাবে, প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ ও চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে।
প্রথম ধাপের ৭১২টি ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জনসহ আওয়ামী লীগ ৫৪০, বিএনপি ৪৭ ও স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০৯ ইউপিতে।
দ্বিতীয় ধাপের ৬৩৯ ইউপিতে ভোট হয়। এর মধ্যে ১০টিতে পুনঃভোট করতে হবে। বাকি ৬২৯টি ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ ৪৪৭টি, বিএনপি ৬১টি, ১১৫ আসনে স্বতন্ত্র ও বাকি ছয়টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ধাপে আওয়ামী লীগের ৩৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
তৃতীয় ধাপে ৬১৫ ইউপিতে ভোট হলেও ভোটকেন্দ্র বন্ধ থাকায় পাঁচটি ইউপিতে পুনঃভোটগ্রহণ করতে হবে। ৬১০ ইউপি’র ফলাফলে আওয়ামী লীগের ৩৯৫ জন, বিএনপি’র ৬০ জন, ১৩৯ ইউপিতে স্বতন্ত্র ও ৬টি ইউপিতে অন্যদলের প্রার্থীরা জিতেছেন। এ ধাপে আওয়ামী লীগের ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।
চতুর্থ ধাপে ৭ মে অনুষ্ঠিত ৭০৩ ইউপির ভোটে চেয়ারম্যান পদের ৬৪৯টি ইউপির চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৫ ইউপিতে ব্যালটে ভোট হয়নি। অনিয়মে ভোটকেন্দ্র বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট ২০টি ইউপির বাতিল হওয়া কেন্দ্রে পুনঃভোট করতে হবে।
মাঠপর্যায় থেকে ইসিতে পাঠানো ৬৪৯ ইউপির ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের ৪০৫ জন, বিএনপির ৭০ জন, জাতীয় পার্টির ১০ জন ও ১৬১ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার মধ্যদিয়ে শুরু হওয়া ইউপি ভোট ষষ্ঠ ও শেষ ধাপে ৪ জুন ৭২৪ ইউপির ভোটের মাধ্যমে শেষ হবে।

অনলাইন ডেস্ক