কিশোরগঞ্জে অটিস্টিক শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ
শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসকারী কিশোরগঞ্জ জেলাবাসীর সংগঠন ‘কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল অ্যাসোসিয়েশন—ইউকে’।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রাকুয়াইল ‘সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল’-এ সংগঠনের পক্ষ থেকে শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও শারীরিক কসরতের সামগ্রীসহ কম্পিউটার ও সেলাই মেশিন।
অনুষ্ঠানে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের হাতে এসব সামগ্রী তুলে দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ আইনজীবী ভূপেন্দ্র ভৌমিক দোলন, পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিক, প্রধান শিক্ষক রেজোয়ানা চৌধুরী প্রমুখ।
বক্তারা শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগের জন্য ব্রিটিশ সংগঠনের প্রশংসা করে কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ‘কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল অ্যাসোসিয়েশন—ইউকের প্রতিনিধিত্ব করেন এনটিভির নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট মারুফ আহমেদ। শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল অ্যাসোসিয়েশন—ইউকের সভাপতি আসাদ রহিম ডাবলু মুঠোফোনে জানান, জনহিতকর কাজে এই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ