প্রচারের মাঝে স্টেডিয়ামে আনিসুল হক
‘আমি মাঠে আসার পরপরই পাকিস্তানের তিন উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। আমি সত্যি অনেক ভাগ্যবান।’
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মিরপুর এলাকায় গিয়েছিলেন ঢাকা সিটি উত্তর করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। তখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা চলছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আনিসুল হক হঠাৎই ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে কিছুক্ষণ খেলা দেখেন। খেলা দেখার এক ফাঁকে তিনি এ কথা বলেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান নিচে নেমে স্টেডিয়ামের মূল ফটকে গিয়ে আনিসুল হককে ভিআইপি গ্যালারিতে নিয়ে যান। অল্প কিছু সময় খেলা দেখে বেরিয়ে যান আনিসুল হক।
এ সময় উপস্থিত সাংবাদিকদের আনিসুল হক বলেন, ‘নির্বাচিত হই আর না হই আমি ক্রিকেটের পাশে থাকব। বাংলাদেশের দামাল ছেলেরা এগিয়ে যাচ্ছে। ছেলেরা ভালো করলে সারা দেশ গর্বিত হয়।’
বিসিবির পক্ষ থেকে শেরেবাংলা স্টেডিয়ামের ধারণক্ষমতা অন্তত ২০ হাজার বাড়ানোর একটি দাবি প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘নির্বাচিত হলে আমি অবশ্যই বিষয়টি দেখব।’

নিজস্ব প্রতিবেদক