অন্তর্বাস ও মুখোশ পরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় ডাকাতি হয়েছে। রোববার দিবাগত রাতে বাসার দক্ষিণ দিকের লোহার গেটের তালা ভেঙে ঘরে ঢোকে ছয় ডাকাত।
এ সময় ডাকাতরা বাসার লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে এলোপাতাড়ি মারধর করে। তারা অস্ত্র দেখিয়ে জিম্মি করে একটি কক্ষে পরিবারের ১০ জন সদস্যের হাত-পা বেঁধে আটকে রাখে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ সরোয়ার আলী মারাত্মক আহত হন। সরোয়ার আলী গত ২৩ জুলাই তাঁর মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মামার বাসায় বেড়াতে আসেন।
পরে ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২৫ ভরি স্বর্ণালংকার, বিদেশি ডলার, তিন লাখ টাকা ও পাঁচটি দামি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও গৃহকর্তা সৈয়দ জাহেদ আলী জানান, ডাকাতদের পরনে জাঙ্গিয়া ও মুখোশ পরা ছিল। তাদের প্রত্যেকের হাতে চায়নিজ কুড়াল ছিল। তারা ঘরের প্রত্যেকটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার