নাটোরে ১০ জেলের কারাদণ্ডাদেশ, জাল-নৌকা জব্দ
নাটোরে নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ ধরায় আটক হয় ১০ জেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। ছবি : এনটিভি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ ধরায় ১০ জেলেকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দিবাগত রাতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
এর আগে উপজেলার হালতিবিল থেকে জেলেদের আটক করা হয়। ওই সময় ইঞ্জিনচালিত চারটি নৌকা ও প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ বাদাই জাল জব্দ করা হয়। এর পর জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান জানান, তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল মধ্যরাতে হালতি বিলে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ ধরার সময় নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় জালগুলো। পরে আটক জেলেদের প্রত্যেককে ছয় মাস করে করাদণ্ডাদেশ দেওয়া হয়।


হালিম খান, নাটোর