কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর উপজেলার মশান এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, শনিবার মধ্যরাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান নামক স্থানে রাস্তার ধারে ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল লোক অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়ার একটি দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মুকুল মুন্সী। এ সময় অন্যরা পালিয়ে যায়।
র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, দুটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত গাছকাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মুকুল মুন্সী কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বার মাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুবৃত্তি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া