বাউবির পঞ্চম সমাবর্তন কাল, আসছেন রাষ্ট্রপতি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বাউবির আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন এবং স্নাতক ডিগ্রিধারীদের সনদ প্রদান করবেন।
গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত বাউবি ক্যাম্পাসে দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্য দেবেন কমনওয়েলথ অব লার্নিংয়ের (কানাডা) সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার। এতে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তনে বাউবির উপাচার্য ড. এম এ মাননান স্বাগত বক্তব্য দিবেন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ, এমবিএ, বিবিএ, এম.এড, বি.এড,বিএ/বিএসএস, বিএজিএড, বিবিএস প্রোগ্রামের উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা অনুষ্ঠানে অংশ নেবেন। এরই মধ্যে বাউবির ছয়টি স্কুলের পাঁচ হাজার ১২ জন গ্র্যাজুয়েট নিবন্ধিত হয়েছেন।
সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন দেশের কূটনীতিকসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সমাবর্তন উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নাসির আহমেদ, গাজীপুর