মায়ের হাত ছেড়ে সড়ক পার হতে দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশুর
সড়ক পার হতে মা জয়নব বেগমের হাত ধরে দাঁড়িয়ে ছিল শিশু মাহফুজ হোসেন। কিন্তু হঠাৎ মায়ের হাত ছেড়ে সড়ক পার হতে একাই দৌড় দিল সে। ঠিক তখনই একটি বাস এসে তাকে চাপা দেয়। সেখানেই প্রাণ গেল শিশু মাহফুজ হোসেনের।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন এলাকায়। চাপা দেওয়া বাসটি চাঁদপুর থেকে কক্সবাজার যাচ্ছিল।
শিশু মাহফুজ জামিউলতুল ইসলামীয়া শামসুল উলুম মহামায়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং একই মাদ্রাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে।
শিশুর মা জয়নব বেগম জানান, মাহফুজ তার হাত ধরে মক্তবে যচ্ছিল। হঠাৎ তার হাত থেকে ছুটে দৌড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী সৌদিয়া বাস মাহফুজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে মহামায়া বাজার ও এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু মাহফুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর