হাদির ঘটনা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত : তারেক রহমান
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ‘গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক আলোচনা সভায় এই ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আজকে শরীফ ওসমান বিন হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক এমপি প্রার্থীর উপরে যা হয়েছে এটা ষড়যন্ত্র।
তারেক রহমান বলেন, এটার বিরুদ্ধে যদি আমাদেরকে অবস্থান নিতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যে কোন মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, যে কোন মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।
এজন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে ‘আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে’ এই দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার পর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাপ্তাহব্যাপী কর্মশালার ষষ্ঠ দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান।
এসময় তারেক রহমান বলেন, আমাদের দলের পরিকল্পনাগুলো তোমাদের কাছে অর্পণ করছি। আমি বিশ্বাস করি আজকে যে দায়িত্ব তোমাদেরকে দিলাম মানুষকে বোঝানোর জন্য, যে দায়িত্ব দিলাম মানুষের সমর্থন যোগানোর জন্য, সেটি তোমরা করতে সফল হবে। কারণ তোমাদের সেই যোগ্যতা আছে, তোমাদের সেই মেধা আছে। তোমরা চাইলেই সেটা করতে পারবে। ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড প্রভৃতি বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেবে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্ব ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের সঞ্চালনায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক