যুবদল নেতা হত্যায় সুব্রত বাইনের মেয়ে রিমান্ডে
রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে সুব্রত বাইনের মেয়ে খাদিজা আক্তারকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে আজ রিমান্ড শুনানির দিন রাখা হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফের’ সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান। আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহক্রীড়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আদালত প্রতিবেদক