দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : এনটিভি
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা বাড়তে থাকে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুয়াশার তীব্রতা এতটাই বেড়ে যায় যে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় মাঝনদীতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও বর্তমানে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের ভিড় খুব একটা বেশি নেই। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে তিনি জানান।

মো. কবির হোসেন, রাজবাড়ী