জামালপুরে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল আরও ১২ প্রার্থীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে ৩টি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের। অন্যদিকে, জাতীয় পার্টির এ কে এম ফজলুল হক ও মোস্তাফা আল মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান ও মীর শরিফ হাসান লেনীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের মো. রুবেল মিয়া ও গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম। এখানে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন, বিএনপির শওকত হাসান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান ও মো. সাদিকুর রহমানের।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির মো. মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী এবং গণঅধিকার পরিষদের লিটন মিয়ার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদী এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস এম শাহীনুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামায় ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামীকাল (৪ জানুয়ারি) জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আসমাউল আসিফ, জামালপুর
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)