কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস অটোরিকশা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু ও এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়ায় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কবলে পড়ে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে এক পুরুষ, এক নারী ও দুই শিশুসহ মোট চারজন নিহত হন। দুর্ঘটনায় আহত ২৬ জনকে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুর পরিচয় পাওয়া গেছে। তার নাম হোসাইন। তার বাবা সুমন সোনারগাঁও এলাকার বাসিন্দা। সুমন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসে করে ফেনী যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্য, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা