কাবিন সম্পন্ন করে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাবিন সম্পন্ন করে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আলী আব্বাস রিমন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার পিএবি সড়কের ফাজিলখাঁরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন আনোয়ারী উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজারগেট এলাকার মো. মুছার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রিমনের বিয়ের কাবিন সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে তার শ্বশুরবাড়িতে অবস্থান করেন। শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে আনোয়ারার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কর্ণফুলীর ফাজিলখাঁরহাট বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম