জেলের জালে ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখ টাকায় বিক্রি
কক্সবাজারের টেকনাফে সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ঘাটে মাছগুলো ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন একটি টানা জাল নিয়ে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। দুপুর ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে বিপুল পরিমাণ এই ছুরি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে ১০৯ মণ মাছ মোট ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
টানা জালের মালিক হাফেজ আহমদ খুশিতে বলেন, আমি দুটি মাদ্রাসা পরিচালনা করি। মাদ্রাসার বার্ষিক সভার জন্য গতকাল গরু কিনলেও টাকার অভাবে পরিশোধ করতে পারছিলাম না। আল্লাহর অশেষ রহমতে ঠিক এই সময়েই জালে এত মাছ ধরা পড়ল। প্রতি বছরই এই মৌসুমে আমার জালে প্রচুর মাছ আসে।
মাছ ব্যবসায়ী এখলাস মিয়া জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে মাছের ব্যবসার সাথে জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে ছুরি মাছের আধিক্য থাকে। সংগৃহীত মাছগুলো পরিষ্কার করে শুঁটকিতে রূপান্তরিত করা হবে এবং পরবর্তীতে তা চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হবে।
জালের মাঝি মো. ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাগরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছিলাম না। আজ শনিবার সকালে জাল ফেলার পর প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আমরা সব মাঝিমাল্লা আজ অনেক খুশি।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)