সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি
নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ থেকে নিজের ১৬ মাস বয়সী কন্যাসন্তানকে পানিতে ফেলে দিয়েছেন এক মা। সন্তানকে নদীতে ফেলে দেওয়ার পর ওই নারী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামে এক নারী পত্নীতলা থানায় হাজির হন। তিনি ডিউটি অফিসারকে জানান, তিনি তার শিশু সন্তানকে মাহমুদপুর ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছেন। এই কথা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে স্থানীয় খমির শেখ নামক এক ব্যক্তি শিশুটিকে নদী থেকে জীবিত উদ্ধার করে প্রাথমিক সেবা দিচ্ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী গত কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মূলত মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এখন তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, এক মা নিজেই থানায় এসে সন্তানকে পানিতে ফেলার কথা জানালে আমরা দ্রুত অভিযান শুরু করি। পরিবারটির সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হই এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শিশুটি এখন আশঙ্কামুক্ত।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম হাসপাতালে শিশুটিকে দেখতে যান। তিনি জানান, যে ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করেছেন, তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। শিশুটির পরিবার তার মায়ের মানসিক চিকিৎসা এবং শিশুর নিরাপত্তার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ