ইসলামী আন্দোলনের বক্তব্যের জবাবে যা বলল জামায়াতে ইসলামী
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া একটি বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আজ শুক্রবার রাত ৮টায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।
‘জামায়াতকে নিয়ে গাজী আতাউর রহমানের বক্তব্যর স্পষ্টীকরণ’ শীর্ষক ফেসবুক পোস্টে বলা হয়, জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, আজ জুমাবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তা-ও সঠিক নয়। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি (গাজী আতাউর) এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।
গাজী আতাউর রহমানের আরেক অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।

এনটিভি অনলাইন ডেস্ক