সালিশে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন (৪৬) ওই গ্রামের মৃত জুলমত আলীর বড় ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোশাররফ হোসেনের সঙ্গে তার ছোট ভাই মো. মোজাম্মেল হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ গ্রাম্য সালিশের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি মাপা শুরু হলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত ছোট ভাই মোজাম্মেল হোসেন বড় ভাইকে আঘাত করেন। একপর্যায়ে মোশাররফ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভজন দাস, নেত্রকোনা