শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন ও সিএনজিচালিত অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই আদেশ দেন। এদিন আদালতে অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। বিচারক অভিযোগপত্র গ্রহণ করে ৪১ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে গত ২৩ নভেম্বর তদন্ত শেষ করে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আকরামুজ্জামান। এ মামলায় ২০ জন পলাতক রয়েছেন।
এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু। এছাড়া সাবেক এমপি সাদেক খান, আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ চারজন কারাগারে রয়েছেন। অপর ১০ জন জামিনে রয়েছে।
সিএনজিচালিত অটোরিকশা চালক সবুজ হত্যা মামলা থেকে জানা গেছে, গত ৪ আগস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৪৫০-৫০০ জনকে আসামি করে গত বছরের ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সবুজের ভাই মনির হোসেন।
গত ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মাজহারুল ইসলাম। অভিযোগপত্রভুক্ত ২১ জনই পলাতক রয়েছে।
এদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, নুরনবী চৌধুরী শাওন। সাদেক খানসহ তিনজন কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ৬ জন।

আদালত প্রতিবেদক