কৃষিজমির মাটি কাটায় পাঁচ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহের অপরাধে পাঁচটি ইটভাটাকে মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এ সময় তার সঙ্গে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন ও সদর দক্ষিণ মডেল থানার পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবাদযোগ্য কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়ায় এই শাস্তি প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে- চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লাখ টাকা, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লাখ টাকা এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকস, ইউনূস ব্রিকস ও ইলিয়াছ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)