গভীর নলকূপের গর্তে পড়া শিশুটি ৩ ঘণ্টা পর উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি অনলাইন
চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পরপরই তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে একটি শিশু নলকূপের গর্তে পড়ে গেছে। আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শিশুটি গর্তের আনুমানিক ৩০ ফুট নিচে আটকা পড়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর রাত সোয়া ৮টায় আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)