নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
অতীতে দেশের শিশু-কিশোরদের মাদকের কালো থাবায় বিনষ্ট করা হয়েছিল, তাদের কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে চায়, সে কারণে তাদের খেলাধুলায় মনোযোগী করতে চায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে দর্শকদের অংশগ্রহণ। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করতে চাচ্ছেন, সমৃদ্ধ করতে চাচ্ছেন, এটা যদি দর্শকের উপস্থিতি না থাকে কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিটি টুর্নামেন্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ঘটিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করা।’
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়।
তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পতেঙ্গার মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। হাজার হাজার শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে ম্যাচের শেষ মুহূর্তে রেলওয়ে স্কুলের পক্ষে একমাত্র গোলটি করেন মো. মহরম আলী।
ফাইনালের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেলওয়ের স্কুলের মো. ইয়াছিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মো. সাকিব।
টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফিসহ যথাক্রমে দুই লাখ, এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)