কলাপাড়ায় ১০ দলীয় জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনি প্রচারণার সময় ১০ দলীয় ঐক্য জোটের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ৭নং ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেনকে (৩০) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তি, ধুলাস্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের অভিযোগ, দুপুর ১২টার দিকে তারা 'দেয়াল ঘড়ি' প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিনের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করতে নতুনপাড়া গ্রামে যান। এ সময় ধানের শীষের সমর্থকরা তাদের প্রচারণায় বাধা দেন। একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ধানের শীষের অভিযুক্ত সমর্থকরা। তাদের দাবি, মারধরের অভিযোগটি সঠিক নয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাজল বরণ দাস, পটুয়াখালী