শেরপুরে জামায়াত নেতা হত্যা : বিএনপি প্রার্থীসহ ২৩৪ জনের বিরুদ্ধে মামলা
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী মার্জিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এই হত্যা মামলাটি করেন। মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা এনটিভিকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এই সংঘর্ষের সময় মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। ওই দিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।
মামলার বিষয়ে প্রধান আসামি মাহমুদুল হক রুবেল জানান, ‘যারা সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। উভয় দলের মানুষকে রক্ষার চেষ্টা করেছে। যার সুস্পষ্ট ভিডিও প্রমাণ রয়েছে তাদেরকেও মামলায় জড়ানো হয়েছে। এমনকি আমার ছেলে যে অস্ট্রেলিয়ায় তাকে তাকেও মামলায় জড়ানো হয়েছে।’

কাকন রেজা, শেরপুর