হাইকোর্টে বিএনপির প্রার্থী মাহমুদুলসহ ৪০ জনের জামিন আবেদন
শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জন হাইকোর্টে জামিন আবেদন করেছেন। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামি পক্ষে শুনানি করবেন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ৩০ জানুয়ারি দিনগত রাতে ঝিনাইগাতী থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া।

নিজস্ব প্রতিবেদক