পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
রিয়াজ হোসেন বলেন, আজ আদালতে রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
আবেদনে বলা হয়, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ/পুনঃসংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান এবং বিদেশিদের দেশের গ্যাস মজুত সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি (রফিকুল) দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এতে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

আদালত প্রতিবেদক