খাগড়াছড়িতে প্রথম দফার পোস্টাল ভোট গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় আসা ১৮টি ভোটের মধ্যে স্ক্যানিং সংক্রান্ত ত্রুটির কারণে একটি ভোট বাতিল করা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে ডাক বিভাগের প্রতিনিধির কাছ থেকে এসব পোস্টাল ভোট গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. সাইফ উদ্দিন।
খাগড়াছড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার কনিকা চাকমা মোট ১৮টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করেন। এছাড়া ডাকযোগে আসা অন্যান্য ব্যালটগুলো সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সহকারী কমিশনার মো. সাইফ উদ্দিন জানান, ভোট গ্রহণের পর নিয়ম অনুযায়ী খামগুলো স্ক্যানিং করা হয়। তবে একজন ভোটার নির্ধারিত নিয়ম অনুসরণ না করে (স্ক্যানিং ছাড়াই) ব্যালট পাঠিয়ে দেওয়ায় সেটি বাতিল বলে গণ্য হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকেই পোস্টাল ভোটের জন্য ব্যালট বাক্স প্রস্তুত রাখা হয়েছিল এবং আজ স্বচ্ছতার সাথে প্রথম দফার ভোটগুলো গ্রহণ করে বাক্সে সংরক্ষণ করা হয়েছে।
ভোট গ্রহণের সময় ডাক বিভাগের প্রতিনিধি, প্রার্থীদের এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য নির্ধারিত কক্ষের সিলগালা খুলে প্রবেশ করা হয় এবং কাজ শেষে কক্ষটি পুনরায় সিলগালা করে দেওয়া হয়।
উপস্থিত স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের এজেন্ট গফুর তালুকদার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের সামনেই ভোট গ্রহণ ও স্ক্যানিং করা হয়েছে এবং সবকিছু যথাযথভাবে বাক্সে রাখা হয়েছে।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে দেশ ও বিদেশে অবস্থানরত মোট ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি