মোসাব্বির হত্যা : শুটার রহিম পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার মো. রহিম ওরফে শুটার রহিমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামি রহিমকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

আদালত প্রতিবেদক