১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো প্রকার সংশয়ের অবকাশ নেই।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন, তারা ভোট হয়ে যাওয়ার পরও সংশয়ের কথা বলবেন। এবার একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য নিউজ প্রচারের মাধ্যমেই গুজবের মোকাবিলা করা সম্ভব। নির্বাচনের সকল কারিগরি ও নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন। সভায় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কৌশল ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। খুলনা সফর শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা