ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না : ইসি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা মর্মে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসির তথ্য সর্বশেষ অনুযায়ী, ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ৪৮২। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
ইসি আরও জানায়, ওই দিন নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, দুই লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, একইদিনে দুটি ভোট আয়োজনের কারণে বুথ ও ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার ব্যালট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন।
ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজারের মতো ভোটকেন্দ্র ছিল। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল, ভোটকক্ষ ছিল দুই লক্ষাধিক। দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্র; ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি; ভোটকক্ষ ছিল এক লাখ ৭৭ হাজার ২৭৭টি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক