রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রলপাম্পের সামনে রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সময় দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহণের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি নামের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগঞ্জের আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)