এনসিপির আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ভিডিও বার্তায় আখতার বলেন, শাপলা কলির যারা নেতাকর্মী আছেন তাদেরকে নানা সময়ে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে। আজ বিকেলে হঠাৎই আমার ফোন নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে এবং তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পর দেখে নেবে— এ ধরণের নানা ভয়ঙ্কর হুমকি দিতে শুরু করে।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা এর আগে ঘটলেও এখন এই নির্বাচনের সময় প্রাণনাশের হুমকির মতো ঘটনা সত্যিই আমাদেরকে ভাবিয়ে তোলে।
সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করে আখতার হোসেন বলেন, বাংলাদেশে দীর্ঘসময় ধরে যে ফ্যাসিবাদ বসে ছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনও পিছপা হইনি। হুমকি-ধমকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড, নির্যাতন নানা কিছু মোকাবিলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমারদেরকে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না।

এনটিভি অনলাইন ডেস্ক