ভোট দিতে বাড়ি যাচ্ছে গাজীপুরের পোশাক শ্রমিকেরা
একসঙ্গে চারদিন ছুটি পাওয়ায় গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা বাড়ি যাচ্ছে। প্রায় সব কারখানার শ্রমিকদেরই ছুটি দেওয়া হয়েছে। একসাথে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। গেল রাতে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়া প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন।
শ্রমিকরা জানান, ভোটের ছুটিতে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।
এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঘরেফেরা বেশিরভাগ শ্রমিকই নিজ এলাকায় ভোটার বলে জানিয়েছেন তারা।
মহাসড়ক দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে তাই যানবাহনের চাপ হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর