৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
সোনালী ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের নাটোর শাখায় একটি লেনদেনের বিষয়ে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি ভোটের আগ মুহূর্তে ৪ কোটি টাকা রিক্যুইজিশন মানি চাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের কাছে অভিযোগ দেন। মোটা অংকের টাকা চাওয়ায়, এটি ভোটের লেনদেনে ব্যবহার হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন বিএনপির এই প্রার্থী।
বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
তবে এই লেনদেনকে ব্যাংকিং চ্যানেলের স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে ইসলামী ব্যাংকের নাটোর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেজউল করিম জানান, ৪ কোটি টাকা লেনদেন তাদের ব্যাংকের জন্য বড় কোনো বিষয় না। ভোটের মধ্যে তাদের ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে বুথগুলোতে টাকা লোড করার জন্য টাকা চাওয়া হয়েছে।
এটিকে সন্দেহজনক ভাবার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন ইসলামী ব্যাংক নাটোর শাখার এই কর্মকর্তা।
সোনালী ব্যাংকের নাটোর শাখার এজিএম উজ্জল কুমার বলেন, সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাকের প্রতিনিধিত্ব করে। ইসলামী ব্যাংকসহ যেসব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের যেকোনো পরিমান অর্থ দিতে বাধ্য সোনালী ব্যাংক। সেই ব্যাংক টাকা কী কাজে ব্যবহার করবে সেটা তাদের বিষয়। তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে কোনো উত্তর না আসায় ইসলামী ব্যাংককে টাকা দেওয়া সম্ভব হয়নি।

হালিম খান, নাটোর