বিএনপির নেতারা কে কোথায় ভোট দেবেন?
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন এলেই সবার মধ্যে একটা বাড়তি আগ্রহ থাকে প্রধান দলগুলোর নেতারা কে কোথায় ভোট দেবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলীয় নেতারা বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা কে কোথায় ভোট দেবেন তার একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
অপরদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তাঁর নির্বাচনি এলাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
মির্জা আব্বাস ভোট দেবেন তাঁর নির্বাচনি এলাকা রাজধানীর শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেবেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ডক্টর আব্দুল মঈন খান ভোট দেবেন নরসিংদী জেলার পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট দেবেন চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সালাহউদ্দিন আহমদ ভোট দেবেন কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে। ইকবাল হাসান মাহমুদ টুকু ভোট দেবেন সিরাজগঞ্জ সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে।
হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোট দেবেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ভোট দেবেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে।

নিজস্ব প্রতিবেদক