দিনাজপুরে নির্বাচনি সরঞ্জাম বিতরণ, ভোটের প্রস্তুতি সম্পন্ন
দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা নির্বাচন অফিসের গুদাম থেকে ১৩টি উপজেলার জন্য ব্যালট বক্সসহ যাবতীয় সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুরের ৬টি আসনে এবার মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ১১৮ জন নতুন ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার মোট ৮৪৪টি কেন্দ্রের ৪ হাজার ৯৯৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রশাসন জেলার ৮৪৪টি কেন্দ্রের মধ্যে ৫৩৯টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু রাখতে দিনাজপুরের ১৩টি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে অবস্থান করবেন।

ফারুক হোসেন, দিনাজপুর