গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ফেনী সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের একটি গরুর খামার থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে একটি গরুর খামারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিস্তল উদ্ধারের ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আমাদের হাতে পৌঁছায়নি।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)