মুন্সীগঞ্জে র্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীতে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে অভিযান চালায় র্যাব। এ সময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র ও গুলি র্যাব আমাদের বুঝিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ