গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অন্যরা কে কী করছিলেন?
ওয়াশিংটনের হিলটন হোটেলের বিশালাকার বলরুম তখন সেজেছিল রাজকীয় সাজে। প্রায় ২ হাজার ৬০০ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথি সাদা টাই আর জমকালো গাউনে সজ্জিত হয়ে সবেমাত্র নৈশভোজের সালাদ নিতে শুরু করেছেন। স্থানীয় সময় শনিবার ঠিক রাত ৮টা ৩৫ মিনিটে কয়েকটি রহস্যময় আর বিকট শব্দে থমকে যায় পুরো হলরুম। ১৯৮১ সালে যেখানে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হয়েছিলেন, ঠিক সেই একই হোটেলে ৪৪ বছর পর আবারও ফিরে এল সেই বিভীষিকা।
আরও পড়ুন : অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডব্লিউএইচসিএ) ২০২৬-এর বার্ষিক নৈশভোজ রূপ নিল এক রণক্ষেত্রে।
বলরুমের ঠিক ওপরের ফ্লোরে নিরাপত্তা চৌকি ভেঙে কোল অ্যালেন নামে ক্যালিফোর্নিয়ার এক স্কুলশিক্ষক শটগান থেকে গুলি ছুড়তে শুরু করেন। বলরুমের দরজা ভেঙে যখন নিরাপত্তা কর্মকর্তারা ভেতরে ঢুকছিলেন, তখন শুরু হয় চরম বিশৃঙ্খলা। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হওয়ার পরপরই কর্মকর্তারা ডায়াসে বসে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রক্ষায় ঝাঁপিয়ে পড়েন।
ট্রাম্প ও মেলানিয়ার প্রতিক্রিয়া
মঞ্চের দীর্ঘ টেবিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশেই বসেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিশৃঙ্খলা শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ড তারা প্রায় নিশ্চল ছিলেন। পরক্ষণেই মঞ্চের পেছনে নিচু হয়ে বসেন। পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো পরিবেশনকারীর হাত থেকে খাবারের ট্রে পড়ে গেছে।” পরিস্থিতি বেগতিক দেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন। এজেন্টরা দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তখন হলের দিকে উঁকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন ট্রাম্প।
আরও পড়ুন : লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে হিজবুল্লাহ : নেতানিয়াহু
অন্যান্য অতিথিদের অবস্থা
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত স্টেজ থেকে আড়াল করে নিয়ে যাওয়া হয়। হলের বিভিন্ন টেবিলে সাংবাদিকদের সাথে বসে থাকা মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তারক্ষীরা মেঝেতে ফেলে দিয়ে টেবিলের নিচে ঢুকিয়ে দেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দ্রুত আড়ালে সরিয়ে নেওয়া হয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিনকে ধাক্কা দিয়ে পাশের একটি ঘরে ঢুকিয়ে দেন এজেন্টরা। হাউজ স্পিকার মাইক জনসনকে তার টাক্সেডোর জ্যাকেট ধরে টেনে হিঁচড়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক আতঙ্ক কাটিয়ে সাংবাদিকরা যখন মেঝে থেকে উঠে দাঁড়ালেন, মুহূর্তেই বলরুমটি একটি নিউজরুমে পরিণত হলো। শত শত ক্যামেরা আর স্মার্টফোন সচল হয়ে উঠল। তবে দ্রুত খবর পাঠাতে গিয়ে ওয়াই-ফাই বিভ্রাটে পড়েন অনেকে। আশ্চর্যজনকভাবে সাংবাদিকরা জানতে পারেন, সেদিনের ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ছিল ‘MOREWINE’ (আরো মদ)।
ঘটনার পর ট্রাম্প অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জেদ ধরলেও সিক্রেট সার্ভিস তাকে হোয়াইট হাউসে ফিরিয়ে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা বলরুমের দরজা বন্ধ থাকায় ভেতরের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। দীর্ঘ সময় মেঝেতে হামাগুড়ি দেওয়া ক্লান্ত অতিথিরা তাদের টাই ঢিলে করে দেন, নারীরা খুলে ফেলেন উঁচু হিল জুতো। একপর্যায়ে ডব্লিউএইচসিএর সভাপতি ওয়েইজিয়া জিয়াং সবাইকে হোটেল ত্যাগের অনুরোধ জানান।
আরও পড়ুন : ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) এই সন্ত্রাসী হামলার ঘটনায় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার বাতিল করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠান আবারও আয়োজন করা হবে। হামলাকারী কোল অ্যালেনকে বর্তমানে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র : রয়টার্স

এনটিভি অনলাইন ডেস্ক