‘মাদার অব অল বোম্বস’ ফেলতে পারে যুক্তরাষ্ট্র, জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট
পারমাণবিক অস্ত্র রোধের অজুহাতে বেসামরিক নাগরিক হত্যা থেকে শুরু করে ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় ‘মাদার অব অল বোম্বস (সব বোমার জননী)’ হিসেবে পরিচিত প্রকাণ্ড বোমা ফেলার পরিকল্পনা—যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প প্রশাসনের এমন সামরিক আগ্রাসন ও ‘হুমকির কূটনীতি’র কড়া সমালোচনা করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকেই আসল হুমকি হিসেবে চিহ্নিত করেছেন তিনি। খবর আল জাজিরার।
আজ বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা ব্যবহার করে ‘হুমকির মাধ্যমে কূটনীতি’ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার অজুহাতে যুদ্ধ শুরু করেছে বলে দাবি করে। অথচ দেশটি যুদ্ধের প্রথম দিনেই ইরানের লামার্দের একটি স্পোর্টস হলে পিআরএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এক হামলায় ২১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ইরানের প্রেসিডেন্ট মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদনের দিকেও ইঙ্গিত করেছেন, যেখানে বলা হয়েছে—পেন্টাগন একটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম (এমওএবি) ব্যবহারের কথা বিবেচনা করছে। এটি ‘সব বোমার জননী’ নামে পরিচিত, যা ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ব্যবহার করা হতে পারে।
ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে মাসুদ পেজেশকিয়ান বলেন, এটি শুধু স্ববিরধিতা নয়, বরং লজ্জাজনক বিষয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য আসলে হুমকি কে?

এনটিভি অনলাইন ডেস্ক