ইরানের হত্যার হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
জীবননাশের হুমকি পেয়ে ওয়াশিংটন ডিসির নিজস্ব বাসস্থান ছেড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। মঙ্গলবার (১০ নভেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। খবর রয়টার্সের।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’ প্রথম এই তথ্য প্রকাশ করে জানায়, মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের ওপর ইরানের হামলা বা নাশকতার চক্রান্ত মারাত্মক রূপ নিয়েছে বলে গত মাসের শেষের দিকে গোয়েন্দা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এরপরই স্কট বেসেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তাকে সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য, গত আগস্ট থেকে শুরু হওয়া মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্টের’ নেতৃত্ব দিচ্ছেন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ইরানি বাধা অপসারণ এবং তেহরানকে কোণঠাসা করতেই এই অভিযান চালানো হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকাংশে বন্ধ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের অর্থনৈতিক লেনদেনে যুক্ত থাকা মধ্যপ্রাচ্যের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই বিষয়ে ইমেইল বার্তায় জানান, ইরানি শাসকগোষ্ঠীর কোনো ধরনের হুমকিতেই অর্থমন্ত্রী পিছিয়ে আসবেন না। তিনি অপারেশন ইকোনমিক আউটকাস্ট পরিচালনা এবং অবরোধ বহাল রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, যা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ধসিয়ে দিচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, গত ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেসেন্ট জর্জটাউনে ১২.৫ মিলিয়ন (১ কোটি ২৫ লাখ) ডলার দিয়ে বিলাসবহুল ভিলা কেনেন। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে ওই বাড়ির একটি স্যাটেলাইট ও আকাশপথের ছবি প্রকাশ পাওয়ার পর তার ভৌগোলিক অবস্থান চেনা সহজ হয়ে যায়। এরপরই নিরাপত্তা রক্ষীদের পরামর্শে তাকে তড়িঘড়ি করে ওয়াশিংটনের অদূরে সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
অবশ্য ইরানের পক্ষ থেকে অতীতে যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন কর্মকর্তাদের ওপর কোনো ধরনের হামলার চক্রান্তের অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছে। পাশাপাশি নিউইয়র্ক টাইমস মন্তব্য করেছে, মার্কিন ভূখণ্ডে বড় ধরনের বা জটিল কোনো হামলা চালানোর সক্ষমতা তেহরানের বেশ সীমিত।

এনটিভি অনলাইন ডেস্ক