হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে এক প্রক্রিয়াগত ভোটে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগগুলো রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়। এর ফলে তাকে পদ থেকে সরানোর উদ্যোগ কার্যত থেমে যায়। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি।
প্রস্তাবটির পক্ষে ডেমোক্র্যাট সদস্যরাও সমর্থন দিয়েছিলেন। ফলে ভোটের মাধ্যমে বোঝার সুযোগ তৈরি হয়েছিল, রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে সরে এসে অজনপ্রিয় ইরান যুদ্ধ থেকে নিজেদের দূরে রাখতে চান কি না।
মঙ্গলবারের ভোটে প্রস্তাবের পক্ষে ২১১ এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। থমাস ম্যাসি ছাড়া আর কোনো রিপাবলিকান সদস্য প্রস্তাবটির বিপক্ষে ভোট দেননি। এই সিদ্ধান্তের ফলে রিপাবলিকানরা অভিশংসন প্রক্রিয়া দীর্ঘায়িত করতে পারবেন এবং হেগসেথের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের বিষয়ে সরাসরি ভোট এড়ানোর সুযোগ পাবেন। এসব অভিযোগের মধ্যে ইরান যুদ্ধ পরিচালনার বিষয়টিও রয়েছে।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ট্রাম্প আরও বলেন, থমাস ম্যাসি ছাড়া প্রত্যেক রিপাবলিকান হেগসেথের পক্ষে ভোট দিয়েছেন।
তবে মঙ্গলবারের ভোটের ফল যা-ই হোক, সিনেটে হেগসেথকে অভিশংসনের মাধ্যমে পদ থেকে সরানোর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছিল। কারণ, সেখানে অভিশংসন কার্যকর করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে।
ম্যাসির প্রস্তাবে আটটি পৃথক অভিশংসন অভিযোগ ছিল। এতে হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ শুরু করা এবং মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানগুলোতে হামলার অভিযান পরিচালনার অভিযোগ আনা হয়। আইন বিশেষজ্ঞদের কেউ কেউ এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।
হেগসেথ প্রস্তাবটিকে ‘নাশকতা’ ও ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তারাও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে- এমন ধারণা থেকে ভোটারদের একাংশ যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর হেগসেথের প্রশাসনিক অবস্থান নিয়েও আলোচনা আরও জোরালো হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট। হেগসেথের ভূমিকা নিয়ে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি কি সত্য বলছেন?

এনটিভি অনলাইন ডেস্ক