সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই দেশের বাইরে স্থানান্তর করতে দেবে না। লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই দেশটির এমন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। খবর আল জাজিরার।
মোহসেন রেজাই জানান, ইরান তাদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তর করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরও জানান, রাশিয়া এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিল, তাদেরকে তেহরানের এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
ইরান বারবার ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি দেশটি।

এনটিভি অনলাইন ডেস্ক