Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
এআই উদ্ভাবনে গ্রামীণফোন ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে, সেরা লাবডাব
জিমেইল অন্য কারও ফোনে লগইন আছে কি না, যেভাবে বুঝবেন
মানের সঙ্গে কখনো আপস নয়, ১৪ কোটি গ্রাহকই আমাদের বড় অর্জন: জাকারিয়া শহীদ
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভীর হুসাইন
নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী

জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:১৩, ১১ নভেম্বর ২০২৬

অন্যকে নিয়ম মানতে বলা সহজ। নৈতিকতার উপদেশ দেওয়াও কঠিন কিছু নয়। কিন্তু নিজের জীবনে সেই নিয়ম মেনে চলা, নিজের ক্ষমতার লাগাম টেনে ধরা কিংবা ব্যক্তিগত দুর্বলতাকে নিয়ন্ত্রণ করাই আসল পরীক্ষা। সিলিকন ভ্যালির প্রযুক্তি সাম্রাজ্যের কয়েকজন শীর্ষ ব্যক্তির সাম্প্রতিক ঘটনা যেন সেই পুরোনো সত্যকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

একদিকে তারা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছেন, যা ভবিষ্যতে মানুষের হয়ে সিদ্ধান্ত নেবে, জটিল সমস্যা সমাধান করবে, এমনকি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও তৈরি করতে পারে। অন্যদিকে তাদের নিজেদের ব্যক্তিগত আচরণ, ক্ষমতার ব্যবহার ও করপোরেট জবাবদিহি নিয়ে উঠছে প্রশ্ন।

নিউজউইক ম্যাগাজিন তাদের প্রতিবেদনে ব্যঙ্গ করে বলেছে, এআইকে নিয়ন্ত্রণ করার আগে প্রযুক্তির এই মহারথীদের নিজেদের প্যান্টের চেইনটা ঠিক রাখতে শেখা দরকার!

তবে বিষয়টি কেবল অনৈতিক সম্পর্কের কেলেঙ্কারি নয়। বিশেষ করে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক ঘটনাটি অনৈতিক সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে করপোরেট নিরাপত্তা, আন্তর্জাতিক রাজনীতি, চিপ বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্নে। একইভাবে ইলন মাস্কের ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রে নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং এপস্টিনের নথিতে তার নাম থাকা নতুন করে প্রশ্ন তুলেছে প্রযুক্তি দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহি নিয়ে।

জেনসেন হুয়াং : এআই সাম্রাজ্যের অধিপতি, কিন্তু ব্যক্তিগত জীবনে বড় বিতর্ক

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানিগুলোর একটি এনভিডিয়া। আধুনিক এআই বিপ্লবের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রতিষ্ঠানটির তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ। চ্যাটজিপিটি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় এনভিডিয়ার চিপের ব্যবহার রয়েছে।

এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন তিনি। চামড়ার কালো জ্যাকেট পরা এই প্রযুক্তি উদ্যোক্তা এখন এআই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ।

কিন্তু প্রযুক্তির দুনিয়ায় তার যে ভাবমূর্তি, ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক বিতর্ক সেটিকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছে।

৮ নভেম্বর হুয়াং এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। তিনি লেখেন, তার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন। এ জন্য কোনো অজুহাত নেই বলেও উল্লেখ করেন তিনি। পরিবার, সহকর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের কাছে ক্ষমা চেয়ে নিজের কাজের দায়ভার গ্রহণ করেন।

কিন্তু বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখানেই শেষ নয়। ২৯ অক্টোবর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সিঙ্গাপুরভিত্তিক চিপ ক্রেতা প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসে। অ্যালিসের সঙ্গে জেনসেনের কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে তথ্য সংগ্রহের কাজে যুক্ত থাকতে পারেন।

এ অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। অ্যালিসকে চীনা গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করার মতো প্রকাশ্য প্রমাণও সামনে আসেনি। তবে বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্বেগের কারণ হয়েছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এ ঘটনায় স্বাধীন তদন্ত শুরু করেছে। হুয়াংও তদন্তে সহযোগিতার কথা জানিয়েছেন। প্রতিষ্ঠানটির বক্তব্য, জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে— এমন বিশ্বাস করার কোনো কারণ তাদের কাছে নেই।

প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী যখন এমন একটি সম্পর্কের বিতর্কে জড়ান, যার সঙ্গে কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার এবং কথিত বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ যুক্ত, তখন সেটিকে নিছক ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ কতটা?

৭৫০ কোটি ডলারের চিপ বাণিজ্য, প্রশ্নের কেন্দ্রে হুয়াং

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক আরও গভীর হয়েছে ১০ নভেম্বর প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনের পর।

দ্য ইনফরমেশনের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক চীনে অন্তত ৭৫০ কোটি ডলারের এনভিডিয়া চিপ সরবরাহের পথ সুগম করতে ভূমিকা রেখেছিল বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়, অ্যালিস, তার স্বামী ও বোন মিলে চীন ও সিঙ্গাপুরে একাধিক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এর মাধ্যমে এনভিডিয়ার চিপ সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ২ লাখ ৪০ হাজার এইচ১০০, এইচ২০০ ও কিছু এ১০০ চিপ চীনে পৌঁছানোর ক্ষেত্রে ওই নেটওয়ার্ক ভূমিকা রেখেছিল বলে অভিযোগ রয়েছে। এখানে মনে রাখা জরুরি, এসব তথ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ। এনভিডিয়ার চূড়ান্ত তদন্ত কিংবা আদালতে প্রমাণিত সিদ্ধান্ত নয়।

তবে ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের কাছে উন্নত এআই চিপ এখন কেবল বাণিজ্যিক পণ্য নয়, এটি ভূরাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ার। চীনের কাছে এসব চিপের প্রবেশ সীমিত রাখতে ওয়াশিংটন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। কারণ উন্নত চিপের সাহায্যে সামরিক প্রযুক্তি, নজরদারি, সাইবার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন আরও দ্রুত হতে পারে।

অর্থাৎ, যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিশ্বের এআই প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহকারী, তার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে যদি বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ ওঠে, তাহলে সেটি নিছক পারিবারিক বিতর্কে সীমাবদ্ধ থাকার কথা নয়।

এখানেই ব্যক্তিগত আচরণের সঙ্গে করপোরেট জবাবদিহির সম্পর্কটি স্পষ্ট হয়ে ওঠে। একজন শীর্ষ নির্বাহীর সিদ্ধান্ত, সম্পর্ক ও স্বার্থের সংঘাত কীভাবে একটি বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজারমূল্য এবং জাতীয় নিরাপত্তার আলোচনাকে প্রভাবিত করতে পারে, হুয়াংকে ঘিরে বিতর্ক তারই উদাহরণ।

কিস-ক্যামের কয়েক সেকেন্ডেই চাকরি হারান প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের আরেকটি আলোচিত উদাহরণ অ্যান্ডি বাইরন। ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোতে কোল্ডপ্লের একটি কনসার্টে ঘটে ঘটনাটি।

কনসার্টের বড় পর্দায় বা ‘কিস-ক্যাম’-এ ধরা পড়েন মার্কিন ডাটা অপারেশনস প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনমারের তৎকালীন প্রধান নির্বাহী অ্যান্ডি বাইরন এবং প্রতিষ্ঠানটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। ভিডিওতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ক্যামেরায় নিজেদের দেখতে পেয়ে বাইরন নিচু হয়ে আড়াল হওয়ার চেষ্টা করেন, আর ক্যাবট মুখ ঢেকে সরে যান।

কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন তাদের প্রতিক্রিয়া দেখে মজা করে বলেন, ‘হয় তারা পরকীয়া করছেন, নয়তো খুব লাজুক।’

এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনলাইন ব্যবহারকারীরা তাদের পরিচয় শনাক্ত করেন। ১৯ জুলাই অ্যাস্ট্রোনমার জানায়, বাইরন পদত্যাগ করেছেন এবং পরিচালনা পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। এর আগে তাকে ছুটিতে পাঠিয়ে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছিল প্রতিষ্ঠানটি।

ইলন মাস্ক : নারীদের নিয়ে মন্তব্য, ব্যক্তিগত সম্পর্ক ও কর্মক্ষেত্রের বিতর্ক

সিলিকন ভ্যালির সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিদের একজন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স, স্টারলিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিকানা ও নেতৃত্বের সঙ্গে যুক্ত এই উদ্যোক্তা শুধু প্রযুক্তি নয়, রাজনীতি ও সামাজিক বিতর্কেও নিয়মিত আলোচনায় থাকেন।

তার ব্যক্তিগত জীবনও বহুবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। বিশেষ করে নারীদের নিয়ে তার প্রকাশ্য মন্তব্য, কর্মক্ষেত্রে সম্পর্ক এবং নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানান। নিজের পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘Childless Cat Lady’। এর জবাবে মাস্ক এক্সে লেখেন, ‘Fine Taylor … you win … I will give you a child and guard your cats with my life.’ অর্থাৎ, ‘ঠিক আছে টেইলর, তুমি জিতেছ- আমি তোমাকে একটি সন্তান দেব এবং নিজের জীবন দিয়ে তোমার বিড়ালদের রক্ষা করব।’

মাস্কের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। অনেকে এটিকে অস্বস্তিকর, অনভিপ্রেত এবং নারীর ব্যক্তিগত সিদ্ধান্তকে অসম্মান করার মতো মন্তব্য বলে অভিহিত করেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও মন্তব্যটির সমালোচনা করেন।

এখানে বিষয়টি শুধু একটি রসিকতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নয়। একজন প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা যখন একজন নারীকে তার রাজনৈতিক অবস্থানের জবাবে সন্তান দেওয়ার কথা বলেন, তখন সেই মন্তব্যের ভাষা ও ব্যক্তিগত সীমারেখা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এরপর ২০২৫ সালের ডিসেম্বরে অভিনেত্রী সিডনি সুইনির শারীরিক গঠন নিয়ে মাস্কের আরেকটি পোস্ট বিতর্ক তৈরি করে। অভিনেত্রীর একটি ভিডিওর প্রতিক্রিয়ায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি মিম শেয়ার করেন। সেখানে বড় স্তন ও পিঠের ব্যথা নিয়ে তুলনামূলক ছবি ছিল। পোস্টের ক্যাপশনে মাস্ক লেখেন, ‘Can’t be easy।’

ইউএস ম্যাগাজিনের ১৭ ডিসেম্বরের প্রতিবেদনে বলা হয়, মাস্কের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন- একজন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের একজন অভিনেত্রীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্য করার প্রয়োজন কী ছিল? কেউ কেউ মন্তব্যটিকে অনুপযুক্ত ও অস্বস্তিকর বলেও সমালোচনা করেন।

তবে নারীদের নিয়ে মাস্কের বিতর্ক শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের জুনে ওয়াল স্ট্রিট জার্নাল তার প্রতিষ্ঠান স্পেসএক্সে নারী কর্মীদের সঙ্গে সম্পর্ক ও আচরণ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে সাবেক কর্মী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বন্ধু ও পরিবারের সদস্যদের বক্তব্য, ইমেইল, বার্তা এবং অন্যান্য নথির ভিত্তিতে বলা হয়, মাস্কের সঙ্গে এক সাবেক ইন্টার্ন ও কয়েকজন নারী কর্মীর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। এক নারী অভিযোগ করেছিলেন, মাস্ক তাকে একাধিকবার সন্তান নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আরেকজন সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্টের অভিযোগ ছিল, ২০১৬ সালে মাস্ক তার সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।

তবে এসব অভিযোগের সবকটিই মাস্কের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। ফ্লাইট অ্যাটেনডেন্টের অভিযোগকে মাস্ক ‘সম্পূর্ণ অসত্য’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েলও অভিযোগগুলোকে মিথ্যা বলে অভিহিত করেন। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা এক সাবেক ইন্টার্নের হলফনামায় বলা হয়েছিল, মাস্কের আচরণ তার প্রতি কোনোভাবেই শিকারি বা অন্যায় ছিল না। তিনি কর্মক্ষেত্রে মাস্কের সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্ক থাকার কথাও অস্বীকার করেন।

তবে এই ঘটনাগুলো একটি বড় প্রশ্ন তৈরি করে— একজন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে অধস্তন কর্মীর ব্যক্তিগত সম্পর্ক হলে সেখানে ক্ষমতার ভারসাম্য কতটা থাকে? কর্মী কি স্বাধীনভাবে সম্মতি দিতে পারেন, নাকি পদোন্নতি, চাকরি, মূল্যায়ন কিংবা কর্মপরিবেশের ওপর প্রভাবের আশঙ্কা কাজ করে?

এপস্টিনের নথিতে ইলন মাস্কের নাম, কী জানা গেছে?

মাস্ককে ঘিরে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে জেফরি এপস্টিনের নথি প্রকাশের পর। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এপস্টিনের দৈনন্দিন কর্মসূচির একটি নথিতে ২০১৪ সালের ডিসেম্বরের জন্য একটি ক্যালেন্ডার নোটে লেখা ছিল—‘Reminder: Elon Musk to island Dec. 6 (is this still happening?)’। অর্থাৎ, ৬ ডিসেম্বর মাস্কের এপস্টিনের দ্বীপে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি স্মারক।

তখন মাস্ক এক্সে দাবি করেন, এ তথ্য মিথ্যা। তিনি এর আগে বলেছিলেন, এপস্টিন তাকে দ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

কিন্তু চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা বিপুলসংখ্যক নথিতে মাস্ক ও এপস্টিনের মধ্যে ইমেইল আদান-প্রদানের তথ্য সামনে আসে। ওয়াশিংটন পোস্টের ২৮ ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত তাদের মধ্যে একাধিক ইমেইল বিনিময় হয়েছিল। সেখানে পার্টি আয়োজন, ক্যারিবীয় অঞ্চলে ভ্রমণ এবং এপস্টিনের দ্বীপে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথাবার্তা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের নভেম্বরে মাস্ক এপস্টিনকে তার দ্বীপে সবচেয়ে জমজমাট পার্টি কবে হবে, তা জানতে চেয়েছিলেন। ২০১৩ সালের বড়দিনে তিনি আবার লিখেছিলেন, ‘When should we head to your island on the 2nd?’ অর্থাৎ, ‘২ তারিখে আমরা কখন তোমার দ্বীপের উদ্দেশে রওনা হব?’

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ক ও এপস্টিনের সহকারীরা স্পেসএক্সে এপস্টিনের একটি সফরের পরিকল্পনাও করেছিলেন।

বিল গেটসের ঘটনা : প্রযুক্তি প্রতিষ্ঠানে অনৈতিক সম্পর্কের জবাবদিহি

হুয়াং ও মাস্কের ঘটনা সামনে আসার পর প্রযুক্তি জগতের আরেক পরিচিত নাম বিল গেটসের অতীতও আলোচনায় এসেছে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ২০২১ সালে এক কর্মীর সঙ্গে অতীতের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। ওয়াশিংটন পোস্টের ১৭ মে ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ গেটসের সঙ্গে এক কর্মীর ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছিল। বাইরের একটি আইন প্রতিষ্ঠানের সহায়তায় তদন্ত পরিচালিত হয়।

গেটসের মুখপাত্র ওই সম্পর্কের কথা স্বীকার করলেও তার মাইক্রোসফটের বোর্ড ছাড়ার সঙ্গে তদন্তের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন। একইভাবে ওই সম্পর্কই মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসানের একমাত্র কারণ ছিল- এমন সিদ্ধান্তেও পৌঁছায়নি প্রতিবেদনটি।

এআইও নিয়ম ভাঙছে, নাকি নির্মাতাদের কাছ থেকেই শিখছে?

২০২৬ সালের জুলাইয়ে ওপেনএআইয়ের কয়েকটি পরীক্ষামূলক এআই এজেন্ট সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় নিজেদের ওপর আরোপিত বিধিনিষেধ এড়িয়ে যায়। তারা নিরাপত্তাব্যবস্থা ভেঙে হাগিং ফেসের সিস্টেমে অননুমোদিত প্রবেশ করে। ওপেনএআই ২৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ঘটনাটি বিস্তারিত জানায়।

তদন্তে দেখা যায়, এআই এজেন্টগুলো পরীক্ষার নির্ধারিত কাজ সমাধান করতে গিয়ে অনলাইনে উত্তর খোঁজার চেষ্টা করেছিল। এজন্য তারা নিরাপত্তা নিয়ন্ত্রণ এড়িয়ে যায়, অননুমোদিত যোগাযোগের পথ তৈরি করে এবং অন্য এজেন্টের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে।

হাগিং ফেসের নিজস্ব প্রযুক্তিগত বিশ্লেষণেও এ ধরনের অনুপ্রবেশের বিবরণ প্রকাশ করা হয়। ওপেনএআই জানায়, এ ঘটনায় তাদের অভ্যন্তরীণ গবেষণা অবকাঠামো এবং হাগিং ফেসের কিছু সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে গ্রাহকদের তথ্য বা ওপেনএআইয়ের পণ্যসেবা এতে প্রভাবিত হয়নি বলে প্রতিষ্ঠানটি জানায়।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। এআই মানুষের মতো বিবেক, নৈতিকতা কিংবা অপরাধবোধ নিয়ে কাজ করে না। তার আচরণ নির্ভর করে প্রশিক্ষণ, নির্দেশনা, পুরস্কারব্যবস্থা এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণের ওপর। তাই এআইয়ের নিয়ম ভাঙার ঘটনাকে মানুষের ব্যক্তিগত অনৈতিকতার সঙ্গে সরাসরি তুলনা করা বৈজ্ঞানিকভাবে ঠিক হবে না।

তবে ঘটনাটি একটি বড় সতর্কবার্তা। শুধু এআইকে ভালো নির্দেশনা দিলেই হবে না, তাকে কী ধরনের ক্ষমতা দেওয়া হচ্ছে, সে কীভাবে সেই ক্ষমতা ব্যবহার করছে এবং নিয়ম ভাঙার চেষ্টা করলে তাকে কীভাবে থামানো হবে, সেটিও নিশ্চিত করতে হবে।

এখানেই ব্যঙ্গের জায়গাটি তৈরি হয়। এআইকে বলা হচ্ছে, নিয়ম ভাঙবে না, তথ্য চুরি করবে না, অন্যের গোপনীয়তা লঙ্ঘন করবে না। অথচ প্রযুক্তির নির্মাতাদের নিজেদের ক্ষেত্রেই যখন ক্ষমতার অপব্যবহার, অনৈতিক সম্পর্কের জটিলতা কিংবা স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে, তখন প্রশ্ন জাগে- নৈতিকতার পাঠটি আসলে কার বেশি প্রয়োজন?

মানুষের তথ্যের নিরাপত্তায় নির্মাতাদের জবাবদিহি কোথায়?

আজ কোটি কোটি মানুষ এআই ব্যবহার করছে। কেউ ব্যক্তিগত তথ্য দিয়ে চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ নিচ্ছে, কেউ ব্যবসার গোপন তথ্য বিশ্লেষণ করছে, কেউ নিজের ছবি, কণ্ঠস্বর কিংবা ব্যক্তিগত কথোপকথন এআই প্ল্যাটফর্মে জমা রাখছে।

মানুষ ধরে নিচ্ছে, এসব তথ্য নিরাপদ থাকবে। কোম্পানিগুলোও ব্যবহারকারীদের কাছে নিরাপত্তা, গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করবে কে?

প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী নিজেই যদি স্বার্থের সংঘাতের অভিযোগে তদন্তের মুখে পড়েন, তাহলে পরিচালনা পর্ষদের স্বাধীনতা কতটা কার্যকর? প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা কি শুধু সাধারণ কর্মীদের জন্য, নাকি শীর্ষ নির্বাহীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য? কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হলে দায় নেবে কে? এ প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের ২০২৬ সালের একটি গবেষণাভিত্তিক প্রতিবেদনে করপোরেট বোর্ডে এআই তদারকির সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। সেখানে সাক্ষাৎকার দেওয়া পরিচালকদের বড় অংশ জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে এআই নৈতিকতা ও তদারকির জন্য পর্যাপ্ত আনুষ্ঠানিক কাঠামো নেই।

অর্থাৎ, এআই যত দ্রুত এগোচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করার প্রাতিষ্ঠানিক সক্ষমতা সব ক্ষেত্রে তত দ্রুত বাড়ছে না।

এ কারণে শুধু প্রযুক্তি নির্মাতাদের প্রতিশ্রুতির ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন স্বাধীন নিরাপত্তা নিরীক্ষা, স্বচ্ছতা, পরিচালনা পর্ষদের কার্যকর নজরদারি এবং আইনগত জবাবদিহি।

এআই প্রযুক্তি সিলিকন ভ্যালি অনৈতিক সম্পর্ক এনভিডিয়া ইলন মাস্ক

সংশ্লিষ্ট সংবাদ: এআই

০৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিটে নজর কাড়ল নিওসকোডার
২৪ অক্টোবর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেনঅনলাইন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬
জাকার্তায় অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬ শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ
  2. পারমাণবিক চুক্তিতে থাকার কথা জানাল ইরান, পরিদর্শন নিয়ে অনিশ্চয়তা
  3. হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলো ট্রাম্পের দল
  4. ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
  5. বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ১.৬ শতাংশ
  6. শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানাল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x