পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে খনি থেকে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে এক অভিযানে যাওয়ার পথে পুলিশের একটি বহরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বুধবারের (১১ নভেম্বর) এ হামলার ঘটনায় অন্তত আটজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে পাকিস্তানের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলার একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলায় পুলিশের আটজন কর্মী নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
হামলা চলাকালে জঙ্গিরা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুলিশের আরও দুটি গাড়ি এবং একটি ব্যক্তিগত গাড়ি নিখোঁজ রয়েছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তারা গুম্বাট এলাকার কাছে পরিচালিত একটি অবৈধ স্বর্ণ উত্তোলন অভিযানের দিকে যাচ্ছিলেন।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আটজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগান সীমান্তবর্তী এই প্রদেশে নিরাপত্তা বাহিনী তীব্র জঙ্গিবাদ দমনে অভিযান চালিয়ে আসছে। এই সহিংসতার উৎপত্তি আফগানিস্তান থেকে বলে পাকিস্তান দাবি করলেও আফগানিস্তানের তালেবান সরকার সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
বুধবার স্থানীয় এক জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, কোহাত জেলায় পুলিশ সদস্যদের ওপর গুলিবর্ষণের একটি ঘটনা ঘটেছে এবং উদ্ধারকর্মীরা এক ডজনেরও বেশি আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা নিশ্চিত করছেন।
২০২১ সালে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক উত্তপ্ত রূপ নেয়। গত বছরের অক্টোবরে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর সম্পর্কের আরও অবনতি ঘটে, যার ফলে সীমান্ত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মধ্যস্থতার মাধ্যমে সাময়িকভাবে সংঘর্ষ কমলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিস্থিতি পুনরায় তীব্র আকার ধারণ করে এবং পাকিস্তান তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘খোলাখুলিভাবে যুদ্ধ’ ঘোষণা করে।
ইসলামাবাদ অভিযোগ তুলে আসছে যে, কাবুল তাদের ভূখণ্ডকে পাকিস্তানের ওপর মারাত্মক হামলা চালানো জঙ্গিদের ব্যবহারের সুযোগ দিচ্ছে। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
জাতিসংঘের আফগানিস্তান মিশনের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শত শত বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে খাইবার পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে এক পোলিও টিকাদানকারী দলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে জঙ্গিরা।
প্রাদেশিক সরকার জঙ্গিবাদ দমনে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় গত মাসে এই প্রদেশে জরুরি শাসন জারি করা হয়। জরুরি পদক্ষেপ গ্রহণের ফলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ক্ষমতার শেষ শক্ত ঘাঁটিও বেহাত হয়ে যায়।
এই বিশেষ সাংবিধানিক পদক্ষেপের পর ইমরান খানের সমর্থকদের ওপর প্রদেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়, যার ফলে শত শত সমর্থককে গ্রেপ্তার ও আটক করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক