ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেলকর্মীসহ আহত ৫
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে বগির ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়লে চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জংশনের ৫ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৮টায় লাকসাম জংশনে প্রবেশ করে। এরপর ট্রেনটি চাঁদপুর অভিমুখে যাত্রার জন্য ইঞ্জিনের দিক পরিবর্তন করে বগির সাথে সংযোগ দেওয়ার সময় এই বিপত্তি ঘটে। ইঞ্জিনের গতি বেশি থাকায় তা সজোরে ট্রেনের বগিতে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে ট্রেনের একটি বগি ও ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনায় ট্রেনের ভেতরে থাকা পাঁচজন আহত হন, যার মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুন রয়েছেন। তবে তাদের জখম গুরুতর নয় বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারসহ রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা