তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিধস জয় পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টেলিফোনে এ অভিনন্দন জানান তিনি।
পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ছাড়া সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
শাহবাজ শরিফ অভিনন্দন জানিয়ে বলেন, এ নির্বাচন দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।
ফোনালাপে নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে উভয় দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানান তারা।
টেলিফোন কথোপকথনে উভয় নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
তারেক রহমানকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারেক রহমান এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং উভয় নেতা তাদের জনগণের স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)